দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস এবং ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের এমন জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সেদিন যেভাবে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, আবারও তেমন ঐক্য গড়ে তোলার সময় এসেছে।
চব্বিশের গণআন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখা হয়েছিল। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনব্যবস্থায় দেশের মানুষ আর ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির অভিযোগ
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া শক্তি তাদের ‘প্রভুদের’ সন্তুষ্ট করতে আবারও অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় টিকে থাকতে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকতে পারে না।
উত্তরাঞ্চলের উন্নয়নবঞ্চনা নিয়ে প্রশ্ন
লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ কেন বাস্তবায়ন করা হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে হবে। এ অঞ্চলে গ্যাসলাইন ও অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপন না করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমানের অভিযোগ, বিগত সরকারের উত্তরাঞ্চলের মানুষের প্রতি যথাযথ দরদ ছিল না। বরং প্রতিবছর বিপুল অর্থ বিদেশে পাচার করে ক্ষমতাসংশ্লিষ্ট ব্যক্তিরা বিলাসী জীবনযাপন করেছেন। এসব বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা
বক্তব্যের শেষ পর্যায়ে লালমনিরহাটের মানুষের গণতান্ত্রিক চেতনার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়ানো, কৃষিতে ফসলের উৎপাদন বৃদ্ধি, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।