দীর্ঘ ২২ বছর পর লালমনিরহাট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক দিনের সফরে হেলিকপ্টারযোগে রাজধানী ঢাকা থেকে তিস্তাপারের এই জেলার উদ্দেশে রওনা হন তিনি। সফরে তিনটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনের নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে বিএনপির নেতা হিসেবে ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম জেলা সফর।
লালমনিরহাটে প্রধানমন্ত্রীর তিন কর্মসূচি
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির দেওয়া সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর।
এরপর দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
পরে লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচি শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিই বিশ্বকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি হবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
প্রযুক্তির ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, নতুন ধারণা ও উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের অগ্রযাত্রায় তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে বিষয়েও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, নতুন উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। এ সময় শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।