বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর দ্বীপটিতে প্রথম সফর।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করবেন সরকারপ্রধান।
বিশেষ যৌথ সামরিক অনুশীলন
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন। পাশাপাশি অনুশীলনস্থল ঘুরে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পরিদর্শন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে স্বর্ণদ্বীপে।
এই বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
বিকেলে ঢাকায় ফেরার কথা
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।