সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহদী আমিন
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।

জাতীয় স্বার্থে ঐক্যের ওপর গুরুত্ব
মাহদী আমিন বলেন, আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই মতবিনিময়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp