সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দুজনই বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর নাইওরপুল এলাকা থেকে শিপলু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে কুয়ারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাহিদুল ইসলাম তাহিদকে (২০)।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপলু গ্রেপ্তার
গ্রেপ্তার শিপলু মিয়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তিনি কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা এলাকার মৃত ইউনুস মিয়া ও ফাতেমা বেগমের ছেলে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ নাইওরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। শিপলু ২০২৪ সালের ২৮ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা ৩৭ নম্বর মামলার এজাহারনামীয় আসামি।
ছাত্রলীগ নেতা তাহিদুলও গ্রেপ্তার
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়ারপাড় এলাকা থেকে তাহিদুল ইসলাম তাহিদকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
তাহিদ ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কুয়ারপাড়ের আলকাছ মিয়ার বাড়ির তেজাব আলীর ছেলে। ২০২৪ সালের ১০ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারনামীয় আসামি তিনি।
গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।