সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিনোদন

কাজ চেয়ে শরদ কাপুরের পোস্ট, সহযোগিতার হাত বাড়ালেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
কাজ চেয়ে শরদ কাপুরের পোস্ট, সহযোগিতার হাত বাড়ালেন শাহরুখ খান
কাজের সুযোগ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর বলিউড অভিনেতা শরদ কাপুরের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। দীর্ঘদিনের সহশিল্পীর এমন উদ্যোগে আপ্লুত শরদ জানিয়েছেন, পুরনো বন্ধুর ফোন তাঁকে আবেগাপ্লুত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে অভিনয়ের কাজ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন শরদ কাপুর। পোস্টটি নজরে আসার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন শাহরুখ খান। একসময় একই সিনেমায় কাজ করা দুই অভিনেতার মধ্যে এই যোগাযোগ শরদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

‘জোশ’ সিনেমায় আলোচনায় এসেছিলেন শরদ

২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শরদ কাপুর। সিনেমাটিতে দুই অভিনেতার পর্দার দ্বন্দ্ব দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল।

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শরদ। পরে মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। তবে ‘জোশ’ তাঁকে দর্শকদের কাছে আরও বেশি পরিচিত করে তোলে।

কাজে ফিরতে চান আগামী জানুয়ারি থেকে

একসময় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও সময়ের সঙ্গে শরদ কাপুরের হাতে কাজের সুযোগ কমে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, এখনো ভালো চরিত্রে অভিনয় করতে চান। অভিনয়জগৎ থেকে হারিয়ে যেতে চান না তিনি।

শাহরুখ খান ছাড়াও সালমান খান, সোনু সুদ, জাভেদ আখতার ও সোনু নিগমসহ বলিউডের আরও কয়েকজন তারকার কাছ থেকে সমর্থন পেয়েছেন শরদ।

নতুন করে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রত্যাশায় থাকা এই অভিনেতা আগামী বছরের জানুয়ারি থেকে আবার কাজে ফিরতে চান।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp