সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গোয়াইনঘাটের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি ও এসআরবির সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার অভ্যন্তরে শ্রীপুর পিকনিক স্পট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ ভেতরে এলাকাটি ঘিরে ফেলে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।
চলতি বছরে আরও বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার
বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে এ ধরনের যৌথ অভিযান চালানো হচ্ছে। উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।