গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, থানা পুড়িয়ে দেওয়া হলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? জনগণ যদি পুলিশের প্রয়োজন মনে না করে, তাহলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
আলী হোসেন ফকির বলেন, গোপালগঞ্জের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা প্রয়োজন। জেলার বর্তমান পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, আজ পর্যন্ত সার্বিক অবস্থা অনেক ভালো দেখছেন এবং আগামী দিনেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছেন।
স্থানীয়দের উদ্দেশে পুলিশপ্রধান বলেন, যারা এলাকায় অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।
থানা পুনরায় চালুর বিষয়ে যা বললেন আইজিপি
পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, থানা জনগণের জন্যই। জনগণ যদি নিজেদের থানা পুড়িয়ে দেয় এবং পুলিশকে সহযোগিতা না করে, তাহলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
কঠোর অবস্থানে যেতে চায় না পুলিশ
সাম্প্রতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতীতেও এ ধরনের অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসবের পরিণতি সবাই দেখেছেন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের প্রতি যেন পুলিশকে কঠোর অবস্থানে যেতে না হয়।
গোপালগঞ্জে পুলিশ, বিজিবি ও এসআরবির শীর্ষ কর্মকর্তারা
সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার সকালে গোপালগঞ্জে যান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
সফরের শুরুতে গোপালগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
সভায় গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল, ফরিদপুরসহ আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে তাঁরা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাওয়ার খবর পাওয়া যায়নি।