ঢাকা থেকে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। তাঁর অভিযোগ, অপহরণকারীদের ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে ঘটনার বর্ণনা দেন মনিরুল হক ফরাজী। তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্যক্তিগত গাড়িতে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন।
সড়কে গাছ ফেলে অবরোধ, গাড়ি থামিয়ে মারধর
মনিরুল হকের ভাষ্য, বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়িকে আলোর সংকেত দেন। সামনে গিয়ে তাঁরা সড়কের ওপর গাছ ফেলে অবরোধের বিষয়টি দেখতে পান।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা দ্রুত গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথ আটকে ঘিরে ফেলে। মনিরুল হকের অভিযোগ, ওই ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এবং বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাঁকে আরও মারধর করে।
নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মনিরুল হকের দাবি, একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে আটকে রাখা হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো নিয়ে নেয় হামলাকারীরা।
তাঁর ভাষ্য অনুযায়ী, অপহরণকারীরা তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করে। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটানো হয়। পরে মুক্তির জন্য আরও টাকা দাবি করা হয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পাঠানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সব মিলিয়ে ২ লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।
চিকিৎসা নিয়েছেন, এখনো অভিযোগ করেননি
মনিরুল হক জানান, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাঁকে আটকে রেখেছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।
মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে বলে জানান এই বিএনপি নেতা।
ঘটনার বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন—এমন খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে তাঁর ফিরে আসার খবর পেয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।