দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ প্রয়োজন। প্রত্যর্পণ চুক্তির আওতায় বিদেশে অবস্থানরত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে একই দিন ভোরে তাঁর বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথির আবেদন প্রযোজ্য নয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার সাধারণ মানুষের প্রতি সহনশীল হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নিজের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। তাঁদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসীদের মোকাবিলায় দেশের মানুষ ও সরকার জানে কী করতে হবে।
সরকার কোনো চাপে নেই: প্রতিমন্ত্রী
এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত। তারা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অসন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে আনার উদ্যোগ
বিদেশে অবস্থানরত অপরাধীদের বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) ও কঠোর নজরদারির মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করেছে, তাদের কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।