রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর দেওয়া এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের ওপর আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের উদ্যোগ
এড মিলিব্যান্ড জানান, যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আইসিজের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। অপরাধের দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার
বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকারের হাতে রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত নির্যাতনের নিন্দা জানান এড মিলিব্যান্ড। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন রয়েছে। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন, অপরাধের জবাবদিহি এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে।
এ ধরনের অপরাধে জড়িত কেউ যেন দায়মুক্তি না পায়, আইসিজের রায় সে বিষয়ে সুস্পষ্ট বার্তা দেবে বলেও মন্তব্য করেন তিনি।
২০১৭ সালের সামরিক অভিযানের ঘটনায় রায়
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় বৃহস্পতিবার রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রায়ে গণহত্যার অভিপ্রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি পাওয়ার কথা বলেছেন আদালত।