মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। শরণার্থী সংকট মোকাবিলায় আরও সমন্বিত ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা ঘোষণা করেন।
আহমদ জাহিদ জানান, তুরস্কে সাম্প্রতিক সরকারি সফরের পর তিনি এ-সংক্রান্ত প্রস্তাব দেন। পরে মন্ত্রিসভা তাতে সম্মতি জানায়। পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার রোহিঙ্গাকে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
তিন থেকে ছয় মাসের দক্ষতা প্রশিক্ষণ
পুনর্বাসন কর্মসূচির আওতায় রোহিঙ্গারা তুরস্কে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্রহণ করবেন। এ প্রশিক্ষণের মেয়াদ হবে তিন থেকে ছয় মাস।
আহমদ জাহিদ বলেন, তুরস্কের বিভিন্ন শিল্পখাতের নিয়োগদাতাদের চাহিদা বিবেচনায় রেখে প্রশিক্ষণে ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন এবং তুরস্কের অর্থনীতিতেও অবদান রাখার সুযোগ পাবেন। তবে তাঁদের অবশ্যই দেশটির আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
স্বেচ্ছায় অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট নয়
তুরস্কে পুনর্বাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গারা স্বেচ্ছায় এ কর্মসূচিতে অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
তবে আহমদ জাহিদ তাঁর বিবৃতিতে দাবি করেন, এ উদ্যোগ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব নীতিতে শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা
দীর্ঘদিন ধরেই বিদেশ থেকে আসা শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের নিয়ে চাপে রয়েছে মালয়েশিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাওয়া প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।
গত সেপ্টেম্বরের শেষ দিকে মালয়েশিয়া মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। দেশটির কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের প্রত্যাবাসন অভিবাসীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে।