শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী

আইসিজের রায় বাস্তবায়ন না হলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট • ১৯ ঘণ্টা আগে • পঠিত: ৭ বার
আইসিজের রায় বাস্তবায়ন না হলে প্রশ্নবিদ্ধ হবে আন্তর্জাতিক ব্যবস্থা: খলিলুর রহমান
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এই রায় কার্যকর না হলে আন্তর্জাতিক আইন, বহুপক্ষীয় সহযোগিতা এবং সামগ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা প্রশ্নের মুখে পড়বে।

রায় বাস্তবায়নে চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি। এগুলো হলো—গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকানো।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরের ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি, বাংলাদেশ ও জাতিসংঘের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা হিসেবে উল্লেখ

বক্তব্যের শুরুতে ২০১৭ সালে মিয়ানমারের নৃশংসতায় নিহত রোহিঙ্গাদের স্মরণ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনকে গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতন চালায়। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হন এবং বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, কোনো আদালতের রায়ই নিহতদের ফিরিয়ে আনতে কিংবা নির্যাতনের সব ক্ষত মুছে দিতে পারবে না। তবে সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের সূচনা হয়। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।

রায় বাস্তবায়নে চারটি পদক্ষেপের আহ্বান

আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক উল্লেখ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রায় শুধু কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটাতে হবে।

প্রথমত, গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতীয় আইন ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। তাঁদের নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। অনিরাপদ পরিস্থিতিতে কাউকে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের মতামত ও আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দিতে হবে।

তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেসব ক্ষতির প্রতিকার সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যক্তি ও সম্প্রদায়কে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি। এ দায়িত্ব শুধু বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন।

চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকাতে মিয়ানমারের আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ, তাদের ওপর বেসামরিক নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

রায় কার্যকর না হলে আন্তর্জাতিক আইন নিয়ে আস্থা কমবে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় বাস্তবায়ন না হলে এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে রায়টি পর্যালোচনা করা হচ্ছে। তাঁর মতে, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যার নজির আগে নেই।

তিনি বলেন, রায় প্রতিপালিত না হলে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থার মাধ্যমে গড়ে ওঠা পুরো আন্তর্জাতিক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় সহযোগিতার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে রায় বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা। কোনো রাষ্ট্র রায় বাস্তবায়নে ব্যর্থ হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এ বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

রোহিঙ্গাদের কণ্ঠস্বর বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার আশ্বাস

বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইনি লড়াইয়ে ভূমিকার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, জাতিসংঘের তদন্তকারী দল এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর আতিথেয়তার প্রশংসা করেন তিনি। আদালতে সাক্ষ্য দেওয়া নির্যাতিত নারী ও বেঁচে ফেরা রোহিঙ্গাদের সাহসিকতার কথাও তুলে ধরেন।

রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, নিউইয়র্ক থেকে নয়, তাঁদের পাশে দাঁড়াতেই তিনি শরণার্থীশিবিরে এসেছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের কণ্ঠস্বর পৌঁছে দেবেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন।

তিনি বলেন, ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান। দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শরণার্থীশিবির এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: রোহিঙ্গা গণহত্যা, আইসিজে, আন্তর্জাতিক বিচার আদালত