রিয়াদ প্রতিনিধি: সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে সবজি বিক্রির প্রবণতা বাড়ছে। পৌরসভা ও নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযান, জব্দ ও ধরপাকড়ের পরও বন্ধ হচ্ছে না এসব অবৈধ ভ্রাম্যমাণ সবজির ব্যবসা।
সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই নিরুপায় হয়ে এ পেশায় জড়িয়েছেন। তাদের ভাষ্য, চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করলেও কফিল বা স্পনসরসংক্রান্ত নানা জটিলতার কারণে সময়মতো ইকামা (বসবাসের অনুমতিপত্র) নবায়ন করতে পারেননি। ফলে তারা দেশটিতে অবৈধ অবস্থায় পড়ে যান।
তাদের দাবি, ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার
পর বৈধভাবে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। জীবিকা নির্বাহের তাগিদে বাধ্য হয়ে কেউ কেউ ফুটপাত, রাস্তার পাশ কিংবা বিভিন্ন জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান ও অস্থায়ী দোকানের মাধ্যমে সবজি বিক্রি করছেন।
তবে সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এভাবে ব্যবসা পরিচালনা করা বেআইনি। জনস্বাস্থ্য সুরক্ষা, সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং খুচরা বাজারে শৃঙ্খলা বজায় রাখতে দেশটির পৌর কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সম্প্রতি রাজধানী রিয়াদে মিউনিসিপ্যালিটি বা বলদিয়া এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিভিন্ন এলাকায় শত শত অবৈধ ভ্রাম্যমাণ ভ্যান ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশেষ এক অভিযানে ১৪০টি ভ্রাম্যমাণ ভ্যান জব্দের পাশাপাশি অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
এ ছাড়া রিয়াদের বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের পাশে অবৈধভাবে বসা সবজি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সবজি এবং কাঠের ঠেলাগাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা সবজির মধ্যে যেগুলো ভালো ও নিরাপদ অবস্থায় ছিল, সেগুলো সরকারি নিয়ম অনুসরণ করে বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে বিতরণ করা হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে অবৈধ ব্যবসা বন্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকলেও অভিযানের পর আবারও অনেক বিক্রেতাকে একই ব্যবসায় ফিরে আসতে দেখা যাচ্ছে।
অন্যদিকে, জীবিকার তাগিদে এসব কাজে জড়িয়ে পড়া প্রবাসীদের পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্টদের মতে, কফিলসংক্রান্ত জটিলতা, ইকামা নবায়নের সমস্যা এবং কর্মসংস্থানের অনিশ্চয়তার কারণে অনেক প্রবাসী এমন ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন।
তাই আইন প্রয়োগের পাশাপাশি প্রবাসীদের বৈধ কর্মসংস্থান, ইকামা নবায়ন এবং স্পনসরসংক্রান্ত জটিলতা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।