বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে গান ও কবিতার মধ্য দিয়ে স্মরণ করেছেন সিলেটের ভক্ত ও সংস্কৃতিকর্মীরা। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে সুরমা নদীর তীরঘেঁষা সারদা হল প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ স্মরণানুষ্ঠান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়পুর’-এর উদ্যোগে ‘তাঁর কী যে গুণ, তিনিই আগুন সূর্যের সমকক্ষ’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনার মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
স্বপ্ন ও দ্রোহের গানের শিল্পীকে স্মরণ
আবৃত্তিশিল্পী দেবাশীষ তালুকদার শুভ্রর সূচনাপর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্জীব চৌধুরীকে স্বপ্নবাজ, প্রেম ও দ্রোহের গানের শিল্পী হিসেবে তুলে ধরে তিনি বলেন, মানুষের কল্যাণ, মুক্তি ও দিনবদলের স্বপ্ন ছিল তাঁর গান ও চিন্তার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সংগীতের পাশাপাশি দেহতত্ত্ব ও রাজনীতিসহ নানা বিষয়ে তাঁর ছিল অবাধ বিচরণ।
অনুষ্ঠানে শিল্পীর জীবনী, সংগীতচর্চা, সংগ্রামী জীবন ও বিপ্লবী মানস তুলে ধরা হয়। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় তাঁর জনপ্রিয় গান ‘তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও করি প্রেমের তরজমা গানে’।
এরপর একে একে পরিবেশন করা হয় সঞ্জীব চৌধুরীর পরিচিত ও জনপ্রিয় গান। পরিবেশিত গানের তালিকায় ছিল ‘আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো’, ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপ’, ‘হাতের উপর হাতের পরশ রবে না’, ‘চেয়ারম্যান সাবে বগল বাজায়’, ‘দোল ভাটিয়ালি এ নদী রূপালি ঢেউয়ের তালে নৌকা বাজাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা কেন আস্তে চলে না’, ‘আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর’ ও ‘হাতছানি দেয় বাংলাদেশ’।
গানের সঙ্গে কবিতা আবৃত্তি
গানের ফাঁকে ফাঁকে সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন আবৃত্তিশিল্পী দেবপ্রিয়া পাল পর্ণা ও দেবাশীষ তালুকদার শুভ্র। পাশাপাশি পরিবেশিত গানগুলোর ভাব ও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে কবি পূর্ণেন্দু পত্রী, রণজিৎ দাশ ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করা হয়।
দেবজ্যোতি দেবুর পাণ্ডুলিপিতে গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্র পরিবেশনায় অংশ নেন অরূপ বাউল, শ্রাবণী সূত্রধর পূজা, বিশাল চক্রবর্তী, দেবজ্যোতি দেবু, বর্ষণ চক্রবর্তী, সোনিয়া তালুকদার, দেবাশীষ তালুকদার শুভ্র, দেবপ্রিয়া পাল পর্ণা ও আলী আকবর।
সবশেষে ‘আমার স্বপ্নেরই কথা বলতে চাই’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে সারদা হল প্রাঙ্গণের এ আয়োজন সঞ্জীব চৌধুরীর ভক্ত ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।