সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সিলেটের খবর অপরাধের পরিসংখ্যানে উদ্বেগ, বাড়ছে নৃশংসতার ঘটনাও

সিলেটে ১০ মাসে ৬৭ খুন, এক মাসেই প্রাণ গেছে ১২ জনের

ডেস্ক রিপোর্ট • ১০ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
সিলেটে ১০ মাসে ৬৭ খুন, এক মাসেই প্রাণ গেছে ১২ জনের
সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় চলতি বছরের প্রথম ১০ মাসে অন্তত ৬৭টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই হত্যার শিকার হয়েছেন ১২ জন। পারিবারিক বিরোধ, জমি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, মাদকের টাকা জোগাড় এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও ঘটছে প্রাণহানির এসব ঘটনা।
নিহতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।
জেলা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সিলেট জেলার ১৭টি থানায় মোট ৬৭টি খুনের মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অধীন ১১টি থানায় ৪০টি এবং এসএমপির ছয়টি থানায় ২৭টি মামলা হয়েছে।
অক্টোবরেই সর্বোচ্চ ১২ হত্যাকাণ্ড
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অক্টোবর মাসে। জুলাইয়ে নয়টি, জানুয়ারি ও জুনে পাঁচটি করে এবং আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে চারটি করে হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে গোয়াইনঘাটে। আর সবচেয়ে কম ঘটনা জকিগঞ্জে।

সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার জানান, গত ১০ মাসে শুধু জেলা পুলিশের অধীন থানাগুলোতেই ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আলোচিত কয়েকটি হত্যাকাণ্ড
গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনাকে গলা কেটে হত্যা করা হয়। নৃশংস এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে ১১ মে সিলেট সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটে। এ মামলায় ৬ আগস্ট প্রতিবেশী জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

২২ মে কোতোয়ালি এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে র‌্যাব-৯-এর সদস্য ইমন আচার্য নিহত হন। একই দিনে জালালাবাদ এলাকায় মায়ের হাতে দেড় বছরের শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহার হত্যার ঘটনা ঘটে।

এ ছাড়া পূর্ববিরোধের জেরে ২ অক্টোবর দক্ষিণ সুরমায় লন্ডনযাত্রার মাত্র তিন দিন আগে প্রবাসী শাহ মাহির আহমদ রাসেলকে হত্যা করা হয়। গত ৬ নভেম্বর একই উপজেলায় হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা গেদা মিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম।
অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক বিরোধে: পুলিশ
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, মহানগর এলাকায় হত্যাকাণ্ডের সংখ্যা তুলনামূলক কম। অধিকাংশ ঘটনা তাৎক্ষণিক উত্তেজনা কিংবা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে। সব হত্যাকাণ্ডই পূর্বপরিকল্পিত নয়।

তবে কিছু ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, তেতলিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে সংঘটিত খুনের ঘটনাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য উদ্বেগের বিষয়।

অন্যদিকে, সিলেট জেলার হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কারণ দেখছেন না পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তাঁর মতে, এ সময়ে রাজনৈতিক কর্মী নিহত হলেও সেসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ ছিল না। অধিকাংশ ঘটনার নেপথ্যে রয়েছে পারিবারিক কলহ।

পুলিশ সুপার আরও বলেন, সামান্য উত্তেজনা থেকেই মানুষ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন হতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চালাচ্ছে।
প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে: সনাক
পুলিশের পরিসংখ্যানের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার। তাঁর মতে, সব হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি বলেন, একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও হারিয়ে ফেলছে। বিচারের আগেই কাউকে হত্যা করা কিংবা ‘মব’ তৈরি করে পিটিয়ে হত্যার মতো ভয়াবহ প্রবণতা গড়ে উঠেছে।

বিএনপির সিলেট বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তাঁর মতে, সাম্প্রতিক অনেক হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ও দায়ী। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp