সিলেট নগরের আম্বরখানা এলাকার ফ্রিডম জেনারেল হাসপাতালে অনুমোদন ছাড়াই নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হাসপাতালটিতে আরও কয়েকটি অনিয়ম শনাক্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। অনুমোদনহীন এনআইসিইউটি সিলগালা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে যেসব অনিয়ম পাওয়া যায়
হাসপাতাল পরিদর্শনে অনুমোদন ছাড়া এনআইসিইউ পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং চিকিৎসাবর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য নির্ধারিত রঙের পৃথক বিন না থাকার বিষয়গুলো শনাক্ত করা হয়।
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে অনুমোদনহীন এনআইসিইউ সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই শিশুর জন্য সময় দেওয়া হয়েছে
অভিযানের সময় এনআইসিইউতে দুই শিশু ভর্তি থাকায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নেয় প্রশাসন। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর ইউনিটটি সিলগালা করা হবে বলে জানানো হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, অনুমোদন ছাড়া এনআইসিইউ পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং কালার বিন না থাকার কারণে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনআইসিইউতে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর ইউনিটটি সিলগালা করা হবে।