নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে পার্ক করে রাখা বাস ও ঝুটবোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সাইনবোর্ড এলাকায় একটি বাস এবং সোমবার ভোরে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। বাস ও ট্রাকের মালিকপক্ষের দাবি, পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন লাগে।
অটোরিকশায় এসে বাসে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সাইনবোর্ডের গিরিধারা এলাকায় আসেন। পরে পার্ক করে রাখা অনাবিল পরিবহনের বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন তাঁরা। এতে বাসটিতে আগুন ধরে যায়।
বাসমালিক রাসেল জানান, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। কর্মীরা বাসটি নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ঝুটবোঝাই ট্রাকে আগুন, ক্ষতি কয়েক লাখ টাকার
অন্যদিকে, ভোরে ফতুল্লার লিংক রোডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্ক করে রাখা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যান।
ট্রাকচালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে করে পোশাক কারখানার ঝুট নিয়ে তাঁরা নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্ক করে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুই ইউনিটের অভিযান
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর পেয়ে শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, ঝুটবোঝাই ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। কারা এবং কী কারণে এসব ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
এদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুন দেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।