শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশের ৩১৭টি পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। একই সময়ে বিদেশি ক্রেতারা নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির হিসাবে, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের কারণে কারখানাগুলোতে এ ক্ষতি হয়েছে। এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী ক্ষতির হিসাব করা হয়েছে। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার
উৎপাদন ক্ষতির পাশাপাশি বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে চলে যাওয়ায় উদ্বেগ বাড়ছে পোশাকশিল্পে। বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা নিশ্চিত করা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
সংগঠনটির মতে, অর্ডার অন্য দেশে চলে যাওয়ার প্রভাব শুধু তাৎক্ষণিক রফতানি আয় হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্ক ও নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশ বেছে নিতে পারেন।
উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে বাড়তি খরচ
নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারায় অনেক কারখানাকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের ধরে রাখতে মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের চাপও সামলাতে হচ্ছে।
ফলে উৎপাদন বন্ধ থাকার সরাসরি ক্ষতির বাইরেও কারখানাগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা
বিজিএমইএর দাবি, জরিপে পাওয়া ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি পুরো পোশাকশিল্পের প্রকৃত চিত্র নয়। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে জরিপের বাইরে থাকা কারখানাগুলোর ক্ষয়ক্ষতি এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।
এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। এরপরও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে সংগঠনটি। পরিস্থিতি অব্যাহত থাকলে উৎপাদন ব্যাহত হওয়া, পণ্য সরবরাহে বিলম্ব এবং অর্ডার স্থানান্তরের কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি নিয়ে উদ্বেগ
বিজিএমইএর মতে, উৎপাদন ব্যাহত হওয়া এবং সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরযোগ্যতা ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কোনো ক্রেতা বিকল্প দেশে উৎপাদনের ব্যবস্থা গড়ে তুললে ভবিষ্যতে সেই অর্ডার আবার বাংলাদেশে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। এতে দীর্ঘমেয়াদে বাজার হিস্যা ধরে রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে।
সংগঠনটি বলেছে, দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত পরিস্থিতির উন্নতি প্রয়োজন। উৎপাদন স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগ জরুরি।