জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বৈঠকে যেসব দাবি তুলবে এনসিপি
এনসিপি সূত্রে জানা গেছে, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানাবে দলটি।
এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
আলাদাভাবে বৈঠকে বসার সিদ্ধান্ত
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সব শরিককে একসঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল। তবে এনসিপি আলাদাভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে দলটির জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
তবে সংলাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।