সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট • ১০ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

কোন ক্যারেটের স্বর্ণের দাম কত

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। আগের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

গয়না কেনাবেচায় যেসব নিয়ম মানতে হবে

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো গয়না বদলানোর ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং পুরোনো গয়না বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp