শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রাখা হয়েছে। দুটি কারখানায় আগে থেকেই সাধারণ ছুটি ঘোষণা করা ছিল। তবে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শনিবার দুপুরে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

কাজের সময় পরিবর্তন নিয়ে অসন্তোষ

শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে প্রবেশ করে উৎপাদন শুরু করেন। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় শ্রমিকেরা প্রবেশের পর কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের না জানিয়েই কাজ শুরুর নির্ধারিত সময় সকাল ৮টা থেকে এগিয়ে সকাল ৭টা করা হয়েছিল। এর প্রতিবাদে তাঁরা কারখানায় বায়োমেট্রিক পাঞ্চ করে প্রবেশ করলেও কাজে যোগ দেননি।

পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পাশাপাশি আগামী রোববার থেকে সকাল ৮টায় কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের অসন্তোষ দেখা দিলে সেখানেও ছুটি ঘোষণা করা হয়।

কাঠগড়ায় বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি সচল পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কিছু ব্যক্তি সচল কারখানার সামনে গিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

তিনি বলেন, কয়েকটি কারখানায় উত্তেজনা দেখা দিলেও সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। অনেক কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp