শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান, পাওয়া যায়নি

ডেস্ক রিপোর্ট • ৭ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান, পাওয়া যায়নি
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়। অভিযানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও অংশ নেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে বিষয়টি সেভাবে পাওয়া যায়নি। এর সঙ্গে তারানা হালিমের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ওসি বলেন, তিনি আগেই উত্তর দিয়েছেন।

বাসায় ছিলেন না তারানা হালিম

বাসাটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, শনিবার বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশ সদস্যরা বাসায় তল্লাশি চালান। তবে বাসায় কেউ ছিলেন না। ড্রাইভার কিছু মালপত্র নামিয়েছিলেন বলেও জানান তিনি।

তারানা হালিমকে ‘স্যার’ সম্বোধন করে শরিফ মিয়া বলেন, তিনি আগে সংসদ সদস্য ছিলেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। বাসাটি ভবনের চারতলায়। দুই নারী পুলিশ সদস্য সেখানে গেলেও কোনো কিছু বের করে নিয়ে আসেননি বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা যায়। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ভবন ও স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়।

২০১৮ সালে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন

তারানা হালিম আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্য সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশার সঙ্গেও যুক্ত।

২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp