শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সিলেটের খবর পুলিশের পৃথক অভিযান

সিলেটে পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার • ৮ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
সিলেটে পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ দুই আসামি গ্রেপ্তার
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুটি মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। তাঁদের একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট মহানগর এলাকার সদস্য বলে জানিয়েছে পুলিশ। অপরজন ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে আখালিয়া এলাকা থেকে তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান (৫৭) এবং রাত ৩টার দিকে সোনাতলা এলাকা থেকে হাফিজুর রহমান সাহানকে (২৪) গ্রেপ্তার করা হয়।

আখালিয়া থেকে আওয়ামী লীগ সদস্য গ্রেপ্তার

পুলিশ জানায়, তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান জালালাবাদ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। মামলাটি ২০২৬ সালের ২ আগস্ট দায়ের করা হয়। এর নম্বর জালালাবাদ থানা ৩/১৩৬।

মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট জালালাবাদ থানাধীন আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের মিছিল এবং মোমবাতি প্রজ্বলনের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কে ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনাতেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

সোনাতলা থেকে আরেক মামলার আসামি গ্রেপ্তার

অন্যদিকে, রাত ৩টার দিকে সোনাতলা এলাকা থেকে হাফিজুর রহমান সাহানকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা জালালাবাদ থানার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরের সামনে বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতাকে জখম করার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদ ও তদন্তে উভয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp