ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। নিহতদের মধ্যে সাতজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালায়। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
হতাহত ব্যক্তিদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সৌদির বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি হুথিদের
এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানান, শুক্রবার হুথি যোদ্ধারা জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। হামলাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সারীর ভাষ্য, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার জবাবে এ পাল্টা আক্রমণ চালানো হয়েছে।
দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
অন্যদিকে, ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।
জোটের দাবি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাল্টাপাল্টি হামলার এসব ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্রন্টে উভয় পক্ষের সামরিক তৎপরতা বেড়েছে। সূত্র: সিনহুয়া