পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকার ও বিরোধী দলকে রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক ইমরান খানের মুক্তির পক্ষে মত দেন।
তিনি বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। তাঁর যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তুর্ক বলেন, রাজনৈতিক উত্তেজনা কমাতে এবং দুই পক্ষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে অবিলম্বে মুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
ইমরানের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ
৭৪ বছর বয়সী ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসার সুযোগ এবং কারাগারে আটক রাখার পরিবেশ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এর আগে ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ তোলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাসিম লেখেন, মুনির ও তাঁর শাসকগোষ্ঠী যুক্তির কথা শুনবে না। তারা ইচ্ছামতো হত্যা, অপহরণ ও নির্যাতন করে। তাঁর বাবাকে হত্যার আগে পাকিস্তানের বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে রক্ষায় বিশ্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইমরানের চিকিৎসা ও কারাগারের পরিবেশ নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারে আটক রাখার পরিস্থিতি নিয়ে জরুরি হস্তক্ষেপ চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।
সংস্থাটির অভিযোগ, পরিবারের সদস্য, চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইমরানের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের অন্য কারও সঙ্গে দেখা করার সুযোগ পাননি তিনি। ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দীর্ঘ সময় একাকী কারাবাসে রাখা এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত করার বিষয়েও উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইমরানের রক্তচাপজনিত গুরুতর জটিলতার কথাও উল্লেখ করেছে সংস্থাটি। তাদের দাবি, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি।
ইমরানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। তাঁর চোখের একটি সমস্যার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। এতে তাঁর দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা জানানো হয়েছে।
পরিবারের সদস্যদের আটক নিয়েও প্রশ্ন
অ্যামনেস্টির মতে, আটক অবস্থায় ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ওই অনুচ্ছেদে আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করার বাধ্যবাধকতা রয়েছে।
এ ছাড়া লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২০ ও ২১ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে ইমরানের আরও তিন বোনকে আটক করা হয়েছিল।
চিকিৎসা ও আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি
গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি লেখেন ইমরান খান। এতে জরুরি চিকিৎসার ব্যবস্থা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তিনি।
চিঠিতে ইমরান অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাঁকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একাকী কারাবাসে রাখা হচ্ছে, যা তাঁর ভাষায় নির্যাতনমূলক।