শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে নদীর পাড় কেটে বালু উত্তোলন, তিন কর্মচারীকে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট • ৭ ঘণ্টা আগে • পঠিত: ২৭ বার
সিলেটে নদীর পাড় কেটে বালু উত্তোলন, তিন কর্মচারীকে ২ লাখ টাকা জরিমানা
সিলেটের জৈন্তাপুরে নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকার ইঞ্জিন জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বড়গাং বালুমহালের উজানে বসতবাড়িসংলগ্ন নদীর তীর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানে প্রায় ২৫ থেকে ৩০টি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু সংগ্রহের কার্যক্রম চলছিল।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে শ্রমিকেরা বালুভর্তি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকটি নৌকা বালুসহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। অভিযান সংশ্লিষ্টরা চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করেন।

ইজারাদারের তিন কর্মচারীকে জরিমানা

অভিযানকালে বড়গাং বালুমহালের ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায় ও রসিদ প্রদানের দায়িত্বে থাকা তিন কর্মচারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নদীর তীর কেটে উত্তোলন করা বালুর বিপরীতে রয়্যালটির রসিদ দিয়ে অবৈধ কার্যক্রমকে বৈধতা দেওয়া এবং বিধিবহির্ভূতভাবে রয়্যালটি আদায়ের অভিযোগ আনা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের মোট দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

অভিযানকালে নদীর দুই তীরের বাসিন্দা ও বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের নদীর পাড় কেটে বালু সংগ্রহসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলন ও নদীর পাড় কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না।

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, উপজেলা প্রশাসন এবং সিলেট জেলা থেকে আসা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নদীর পাড় কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp