শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ নড়াইলের কালিয়ায় অগ্নিসংযোগ-ভাঙচুরের অভিযোগ

হিন্দু বাড়িতে হামলার তথ্য মিথ্যা, দাবি নড়াইলের পুলিশ সুপারের

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
হিন্দু বাড়িতে হামলার তথ্য মিথ্যা, দাবি নড়াইলের পুলিশ সুপারের
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। তাঁর দাবি, এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং হামলার শিকার কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার এসব কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর স্লুইসগেটসংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বেন্দারচরের বুলু বিশ্বাসের দুই সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিহত দুই বিএনপি নেতার আত্মীয়স্বজনসহ কয়েকজন বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

পুলিশ সুপার জানান, খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

অর্ধশতাধিক বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

তবে স্থানীয় কয়েকজনের ভাষ্য, শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘর ও স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে।

সাম্প্রদায়িক হামলার খবর উদ্দেশ্যপ্রণোদিত, দাবি পুলিশের

পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি অভিযোগ করেন, আগে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এর মাধ্যমে দেশে-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

পুলিশ সুপারের দাবি, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp