শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

ট্রলারে টেকনাফ ফিরলেন সেন্ট মার্টিনে আটকে পড়া সাড়ে চারশ পর্যটক

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
ট্রলারে টেকনাফ ফিরলেন সেন্ট মার্টিনে আটকে পড়া সাড়ে চারশ পর্যটক
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে চারশ জন ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে ১১টি সার্ভিস ট্রলারে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু হয়। দুপুরে ট্রলারগুলো শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়।

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ১১টি ট্রলার ছেড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। ট্রলারগুলোতে মোট সাড়ে পাঁচশ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় সাড়ে চারশ জন পর্যটক।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের এসব ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। দ্বীপে এখনো বেশ কিছু পর্যটক অবস্থান করছেন। তাঁদের জন্য কয়েকটি হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ পর্যটকদেরও নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাহাজ চলাচল বন্ধ, ফিরতে অপেক্ষা

গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে জাহাজে করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্ট মার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

রোববার থেকে জাহাজ চলাচলের সম্ভাবনা

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, শনিবারও ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। তবে এদিন সংকেত কমে যাওয়ার সম্ভাবনা আছে। রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করতে পারে এবং সোমবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে আবার জাহাজ চলাচল শুরু হতে পারে। আপাতত আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন দ্বীপে অবস্থানরত পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp