শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ মানবপাচারের অভিযোগ

মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে ৭ দিন জিম্মি, নারী-শিশুসহ উদ্ধার ২৮

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে ৭ দিন জিম্মি, নারী-শিশুসহ উদ্ধার ২৮
মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ট্রলারে তুলে সাগরের মাঝখানে সাত দিন আটকে রাখার অভিযোগ উঠেছে মানবপাচারকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, মুক্তিপণ আদায়ের জন্য তাঁদের নির্যাতন ও মারধর করা হয়েছে। এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সংলগ্ন সাগরে ট্রলারটি আটকে গেলে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

মুক্তিপণের জন্য নির্যাতন, সাগরে ফেলে দেওয়ার অভিযোগ

স্থানীয় রহিম উদ্দিন জানান, শুক্রবার রাতে ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে লাবণী পয়েন্টের কাছে আটকে যায়। এ সময় ট্রলারে থাকা কয়েকজন লাফিয়ে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রলারে থাকা এক নারী ও শিশুসহ ২৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাঁদের ট্রলারে তোলা হয়েছিল। তবে তাঁদের কয়েকজনকে টেকনাফ এলাকা থেকে অস্ত্রের মুখে জোর করে ট্রলারে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন।

চকরিয়ার বাসিন্দা আক্তার পেশায় রাজমিস্ত্রি। তাঁর দাবি, ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তুলে সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছে টাকা দাবি করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়।

আক্তার অভিযোগ করেন, টাকা দিতে না পারার কথা জানালে ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে কোপ দেওয়া হয়। পরে ট্রলারে থাকা ৬-৭ জনকে লাথি মেরে সাগরে ফেলে দেওয়া হয়।

খাবার না দিয়ে মারধরের অভিযোগ

টেকনাফের বাসিন্দা ইলিয়াস জানান, হাসপাতালে ভর্তি থাকা ভাইকে দেখতে যাওয়ার পথে শহরের লিংক রোড এলাকা থেকে তাঁকে তুলে ট্রলারে নেওয়া হয়।

তাঁর ভাষ্য, সাত দিন ধরে ট্রলারে আটকে রেখে তাঁদের খাবার দেওয়া হয়নি। বরং নিয়মিত মারধর করা হয়েছে। পাচারকারীদের নিজেদের মধ্যেও মারামারি হয়। একপর্যায়ে তাঁদের কেউ কেউ সাগরে ঝাঁপ দেন, আবার কেউ স্পিডবোট নিয়ে চলে যান।

আরেক ভুক্তভোগী হেলাল উদ্দিনের দাবি, ট্রলারে প্রায় ৭০ জন ছিলেন। তাঁদের মাছ সংরক্ষণের কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হতো। আকাশে বিমান দেখতে পেয়ে তাঁরা বুঝতে পারেন, উপকূল কাছাকাছি। এরপর নিজেরাই ট্রলার চালিয়ে তীরে পৌঁছান।

পুলিশের হেফাজতে ২৮ জন

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp