সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক দুজন হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তাঁরা দুজনই সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি পুলিশের
পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই যুবককে শনাক্ত করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় আটক দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।