সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি দিরাই থেকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট • ২৩ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি দিরাই থেকে গ্রেপ্তার
সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কাউছার ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিরাই উপজেলার চণ্ডিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই রাতে জগন্নাথপুর উপজেলার বুরাইয়া এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি দায়েরের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল দিরাই উপজেলার চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কাউছার ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউছার জগন্নাথপুর উপজেলার আহমদাবাদ এলাকার বাসিন্দা। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp