রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ বোরো মৌসুমের শুরুতেই হাওরের কৃষকদের দুশ্চিন্তা

এক মণ ধান বিক্রি করে মেলে এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় সুনামগঞ্জের কৃষক

ডেস্ক রিপোর্ট • ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ রাত • পঠিত: ৫ বার
এক মণ ধান বিক্রি করে মেলে এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় সুনামগঞ্জের কৃষক
এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ। উৎপাদিত ধানের ন্যায্য দাম না পাওয়া এবং বীজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। গত মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে ফলন বিপর্যয়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন বোরো মৌসুমের চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

স্থানীয় বাজারে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকায়। অন্যদিকে ভালো জাতের ধানের বীজ কিনতে কেজিপ্রতি খরচ করতে হচ্ছে প্রায় একই পরিমাণ টাকা। ফলে উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক কৃষক এবার চাষের পরিমাণ কমানোর কথা ভাবছেন।

জেলার বিভিন্ন হাওরে বোরো আবাদের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তবে বীজ ও অন্যান্য কৃষি উপকরণের বাড়তি দাম এবং ধানের কম বাজারমূল্যের কারণে কৃষকদের মধ্যে আগের মতো চাষাবাদের আগ্রহ দেখা যাচ্ছে না। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম থাকলেও সাধারণ কৃষকেরা এর সুফল যথাযথভাবে পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

গত মৌসুমের লোকসান কাটেনি কৃষকদের

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ১৩৭টি ছোট-বড় হাওরে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে উৎপাদন ও কৃষকের সুনির্দিষ্ট সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিনপুর গ্রামের কৃষক মো. মুহিবুর রহমান জানান, এবার তিনি আট একর জমিতে ধান চাষের পরিকল্পনা করেছেন। গত বছর একই পরিমাণ জমিতে চাষ করে পেয়েছিলেন মাত্র ২৫০ মণ ধান। অথচ প্রাকৃতিক ক্ষতি না হলে সাড়ে ৪০০ মণ ধান পাওয়ার আশা করেছিলেন।

গত মৌসুমে তার উৎপাদন খরচ হয়েছিল প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। ভালো মানের কিছু ধান মণপ্রতি ৯০০ টাকায় বিক্রি করতে পারলেও কালচে ধানগুলো বিক্রি করতে হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এতে উৎপাদন খরচও ওঠেনি বলে জানান তিনি।

মুহিবুর রহমান বলেন, তিন জাতের ধানের বীজ কিনতেই তাকে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। ব্রি-২৯ জাতের ১০ কেজির বস্তা কিনেছেন ৬০০ টাকায়। জনকরাজ জাতের চার কেজি বীজের দাম পড়েছে ১ হাজার ৬০০ টাকা এবং জিরাশাইলের চার কেজি কিনেছেন ৫০০ টাকায়। এ ছাড়া মিতালী-২ জাতের বীজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকায়।

এত খরচ করে ফসল উৎপাদনের পর বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ এখন পর্যন্ত কোনো সরকারি প্রণোদনা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

বীজের বাজারেও বাড়তি চাপ

তাহিরপুর উপজেলাতেও বীজের উচ্চমূল্য নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেখানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের বীজ চড়া দামে বিক্রি হচ্ছে। বিএডিসি নির্ধারিত ৩২০ টাকা কেজি দরে হাইব্রিড ব্রি-৮ এবং অন্যান্য কোম্পানির বীজ ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ুন কবির বলেন, ধানের দাম কম থাকায় কৃষকদের মধ্যে চাষাবাদের আগ্রহ কমেছে। অথচ আগের বছরগুলোতে এ সময়ে বীজের বাজারে ব্যাপক ব্যস্ততা থাকত।

জামালগঞ্জ উপজেলার হালি হাওরের কৃষক মো. আয়না মিয়া প্রায় ৫৪ একর জমিতে চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে বীজের উচ্চমূল্যের কারণে প্রয়োজনীয় সব বীজ এখনো সংগ্রহ করতে পারেননি তিনি। তার ভাষ্য, কেজিপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে বীজ কিনতে হলে সেই আবাদ কোনোভাবেই লাভজনক হবে না।

সরকারি সংগ্রহের সুফল পাচ্ছেন না কৃষকেরা

সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হলেও সাধারণ কৃষকেরা সরাসরি এর সুবিধা পাচ্ছেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস জাহান জানান, সরকারি নিয়ম মেনেই ধান সংগ্রহ কার্যক্রম চলছে। তবে অনেক এলাকায় প্রকৃত ক্রেতা না পাওয়ায় কৃষকেরা হতাশ হচ্ছেন।

অন্যদিকে, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, যেসব বীজে ফলন বেশি পাওয়া যায়, আন্তর্জাতিক বাজারে সেগুলোর দামও তুলনামূলক বেশি। এসব বিশেষ জাতের বীজ দেশে উৎপাদিত হয় না; বিদেশ থেকে আমদানি করতে হয়। এ কারণে বীজের দাম নিয়ন্ত্রণে স্থানীয় কৃষি বিভাগের করণীয় সীমিত। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের জন্য কার্যকর সহায়তার দাবি

হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল বলেন, আগের মৌসুমগুলোতে প্রাকৃতিক দুর্যোগে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এবারও উৎপাদিত ধানের ন্যায্য দাম না পাওয়ায় তারা সংকটে রয়েছেন।

তিনি অভিযোগ করেন, সরকারি প্রণোদনার অভাব এবং মাঠপর্যায়ের বিভিন্ন সীমাবদ্ধতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র লাভবান হচ্ছে। মধ্যস্বত্বভোগীরা সুবিধা পেলেও প্রকৃত কৃষকেরা লোকসান গুনছেন।

হাওরের কৃষি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে বীজের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষকদের জন্য কার্যকর প্রণোদনা এবং উৎপাদিত ধানের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষিজীবী সংগঠনের নেতারা। তাদের আশঙ্কা, কৃষকের লোকসান ও চাষাবাদে অনীহা অব্যাহত থাকলে আগামী মৌসুমে খাদ্য উৎপাদনও ব্যাহত হতে পারে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp