গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক শ্রমিকের মৃত্যুর গুজব এবং ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। পরে লাঠিসোঁটা নিয়ে তাঁরা স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সংশ্লিষ্ট কারখানা ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে, গাজীপুরের নাওজোর এলাকায় আন্দোলন চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
৫৫ কারখানায় উৎপাদন বন্ধ
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রীপুর, মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে ২৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।