সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক উদ্যোগ

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, দোকানে বিনামূল্যে বিতরণ সামগ্রী

ডেস্ক রিপোর্ট • ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ রাত • পঠিত: ৩৫ বার
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন, দোকানে বিনামূল্যে বিতরণ সামগ্রী
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন দোকানপাট ও গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ময়লা রাখার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। সঞ্চালনা করেন কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।

পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ

কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ময়লা-আবর্জনা রাখার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে বদরুল হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। বাড়িঘর, আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp