বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
লাইফস্টাইল

শাহজালাল (রহ.) মাজার: পর্যটন ও রাজস্বের সম্ভাবনাময় কেন

ডেস্ক রিপোর্ট • ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ রাত • পঠিত: ৫৭ বার
শাহজালাল (রহ.) মাজার: পর্যটন ও রাজস্বের সম্ভাবনাময় কেন
ডাঃ সাইদ এনাম 

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। প্রতিদিন দেশ বিদেশের হাজারো মানুষ এখানে জিয়ারত করতে আসেন। তাঁদের দান ও অনুদানে বিপুল পরিমাণ অর্থ জমা হয় বলে জনমনে ধারণা রয়েছে। কিন্তু এসব অর্থের স্বচ্ছ হিসাব, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, মাজারের সম্পদ ও দানের অর্থের ওপর কিছু ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে।

অথচ পবিত্র কাবা শরিফকে কেন্দ্র করে হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় পর্যটনের ইতিহাস বহু শতাব্দীর পুরোনো। ইসলামের প্রাথমিক যুগে খোলাফায়ে রাশেদিন, পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফত এবং উসমানীয় শাসকেরা হজযাত্রীদের নিরাপত্তা, যাতায়াত, পানীয় জল ও আবাসনের ব্যবস্থা উন্নত করেন। 

১৯৩২ সালে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ হজ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করেন। পরবর্তী বাদশাহরাও এর সম্প্রসারণ ঘটান। 

আর আধুনিক যুগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ২০১৬ সালে ঘোষিত Saudi Vision 2030 ধর্মীয় আধ্যাত্মিকতার সঙ্গে আন্তর্জাতিক পর্যটন, হোটেল, পরিবহন, বাণিজ্য ও সেবাখাতের সমন্বয় ঘটিয়ে সৌদি অর্থনীতিকে বহুমুখী ও সমৃদ্ধ করার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তাহলে সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজারকে কেন্দ্র করে কেন এমন একটি স্বচ্ছ, আধুনিক ও রাষ্ট্রীয় তত্ত্বাবধানাধীন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়? কীভাবে মাজারের দান ও অনুদানের অর্থের জবাবদিহি নিশ্চিত করে তা ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, দরিদ্র মানুষের কল্যাণ, শিক্ষা, চিকিৎসা এবং সিলেটের পর্যটন অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যায়?


সম্ভাব্য সমাধান

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে একটি স্বায়ত্তশাসিত ও জবাবদিহিমূলক ট্রাস্ট বা কর্তৃপক্ষ গঠন করা যেতে পারে। এতে সরকারি প্রতিনিধি, আলেম, ইতিহাসবিদ, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও আর্থিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।



মাজারের সব দান ও অনুদান ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রহণ, ডিজিটাল হিসাব সংরক্ষণ এবং নিয়মিত স্বাধীন অডিট বাধ্যতামূলক করতে হবে। ব্যক্তিগত মালিকানা বা অবৈধ দখলের অভিযোগ থাকলে আইনগত তদন্তের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।


পাশাপাশি মাজারের ঐতিহাসিক ও আধ্যাত্মিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যাতায়াত, আবাসন, পর্যটক গাইড, জাদুঘর ও স্থানীয় ব্যবসার উন্নয়ন ঘটানো যেতে পারে। সিলেটের অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটনস্থলকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গড়ে তোলা সম্ভব।

এভাবে মাজারের দান অনুদানের একটি নির্ধারিত অংশ জনকল্যাণে এবং পর্যটন থেকে অর্জিত রাজস্বের একটি অংশ সিলেটের উন্নয়নে ব্যয় করা যেতে পারে।

আধ্যাত্মিকতা মানুষের বিশ্বাসের বিষয়, কিন্তু সেই বিশ্বাসকে কেন্দ্র করে সৃষ্ট সম্পদের ব্যবস্থাপনা হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী। 


হজরত শাহজালাল (রহ.)এর স্মৃতি ও ঐতিহ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়, এটি আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক বা, 
ডা. সাঈদ এনাম 
এসোসিয়েট প্রফেসর অব সাইকিয়াট্রি। 

ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp