বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ উন্নয়নকাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা

আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট • ২০ ঘণ্টা আগে • পঠিত: ৪৮ বার
আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে: শিক্ষামন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড\. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে অর্থ পাচারের কোনো ঘটনা ঘটবে না। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কোনো ধরনের আপস করা হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিসিএস শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের  মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতার মানে পার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, নিয়োগের পদ্ধতি আলাদা হতে পারে, তবে এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএস পরীক্ষার সমপর্যায়ে উন্নীত করতে হবে।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় এ বিভাগ দেশের অন্যতম সেরা ছিল। সেই অবস্থান পুনরুদ্ধার ও ধরে রাখতে আধুনিক গবেষণাগার, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং গবেষণার সুযোগ\-সুবিধা বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় আধুনিক গবেষণাগার ও গবেষণাসুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি বিভাগের সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

দক্ষ জনশক্তি তৈরিতে অ্যাভিয়েশন শিক্ষার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে পাইলটের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও তুলনামূলক কম খরচে পাইলট প্রশিক্ষণ, বিমানবন্দর ব্যবস্থাপনা ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য গবেষণাগার স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে ড\. এহছানুল হক মিলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ তাঁকে গভীরভাবে চিন্তা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের শিক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের বাইরেও দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন তিনি।

অনুষ্ঠানে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নকাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp