বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়, তিন দিনে বিঘ্নিত ১১ হাজারের বেশি ফ্লাইট

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়, তিন দিনে বিঘ্নিত ১১ হাজারের বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে সৃষ্ট বিপর্যয় তৃতীয় দিনেও কাটেনি। দেশজুড়ে ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে রোববার (১৫ নভেম্বর) আরও অন্তত ১১ হাজার ৫০০টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বাংলাদেশ জার্নাল জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ১০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগের দিন শনিবার প্রায় ৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল।

প্রযুক্তিগত ত্রুটিতে শুরু বিপর্যয়

গত শুক্রবার নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের সময় সৃষ্ট ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর থেকেই দেশটির বিমান পরিবহনব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, সোমবারের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

তিনি জানান, এ ঘটনায় সাইবার হামলা বা কোনো ক্ষতিকর উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে সমস্যাটি তৈরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাউটারের সমস্যায় ব্যাহত যোগাযোগব্যবস্থা

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের একটি নতুন রাউটার স্থাপনের পর এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। দূরবর্তী একটি কেন্দ্রে রাউটার পরিবর্তনের ফলে অন্যান্য নিয়ন্ত্রণকেন্দ্রে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়। এতে বিমান চলাচল নিয়ন্ত্রণের যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়।

শন ডাফি জানান, আরকানসাসের এল ডোরাডোতে এফএএর একটি স্থাপনায় রাউটার পরিবর্তনের ঘটনা টেক্সাসের আমারিলোতে সম্প্রতি স্থাপন করা আরেকটি রাউটারে সমস্যা তৈরি করে। এর প্রভাবে দেশের অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রের রাউটারগুলোও অতিরিক্ত চাপের মুখে পড়ে।

এফএএ জানিয়েছে, সমস্যা সৃষ্টিকারী রাউটারগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় থাকা এ ধরনের আরও প্রায় ৬০টি রাউটারের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ঠিক কীভাবে এই ত্রুটি তৈরি হলো, তা এখনো নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। এ ধরনের রক্ষণাবেক্ষণকাজ অতীতে বহুবার সম্পন্ন হলেও আগে এমন সমস্যা হয়নি বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp