বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কায়রোর বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ রিং রোডে জ্বালানিজাত পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে।
রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।
এদিকে, মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।
**সূত্র: আল জাজিরা**