জাতীয় শক্তি বৃদ্ধি এবং শত্রুদের হুমকি মোকাবিলায় ইরানের জনসংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর মতে, শক্তিশালী রাষ্ট্র গঠন ও জাতীয় সক্ষমতা বাড়ানোর অন্যতম ভিত্তি হলো জনসংখ্যা বৃদ্ধি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ‘জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার’ অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তায় জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় শক্তি ও অগ্রগতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।
এ সময় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টিও স্মরণ করেন মোজতবা খামেনি।
পরিবার ও ব্যক্তিকেন্দ্রিক নীতিতে গুরুত্ব
জনসংখ্যা পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবহেলার সমালোচনা করে মোজতবা খামেনি বলেন, অতীতে এ বিষয়ে দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর অবহেলা ছিল। তবে সাম্প্রতিক কিছু পদক্ষেপের ফলে জনসংখ্যার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির নীতি প্রণয়নে পরিবার ও ব্যক্তি—উভয় পর্যায়ের প্রয়োজন বিবেচনায় নিতে হবে। আবাসন এবং বিভিন্ন পণ্য ও সেবা পরিবারের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসেবার মতো বিষয় ব্যক্তির প্রয়োজনের সঙ্গে যুক্ত। কাঙ্ক্ষিত জনসংখ্যা অর্জনে উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া জরুরি।
জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে পরিবারব্যবস্থার ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ব্যক্তির কল্যাণ ও মৌলিক চাহিদা পূরণেও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অল্প বয়সে বিয়ে ও সন্তান জন্মদানে সহায়তার আহ্বান
শক্তিশালী ইরান গড়ে তুলতে অল্প বয়সে বিয়ে সহজ করা, ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি প্রসারের ওপর জোর দেন সর্বোচ্চ নেতা। এসব ক্ষেত্রে সফল উদ্যোগ ও দৃষ্টান্ত সাধারণ মানুষের সামনে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মোজতবা খামেনি।
তিনি আশা প্রকাশ করেন, অতীতের জনসংখ্যা নীতির কারণে তৈরি হওয়া ঘাটতি কাটিয়ে তরুণ জনগোষ্ঠী বৃদ্ধি এবং পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কৌশলগত নীতি বাস্তবায়নের মাধ্যমে ইরান বর্তমানের সংকটপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করতে পারবে।
জনসংখ্যা হ্রাস ইরানের বড় উদ্বেগ
গত কয়েক দশকে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে জনসংখ্যার ভারসাম্য রক্ষা দেশটির নীতিনির্ধারকদের অন্যতম প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে। পরিবারকে সহায়তা এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে দেশটিতে বিভিন্ন আইন ও প্রণোদনামূলক কর্মসূচিও চালু করা হয়েছে।