মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান রয়ে গেছে। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিলেও শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা। এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভায় মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হয়। বেলা ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার এবং পরে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় মজুরি বোর্ড

বোর্ডের এক সদস্য জানান, দীর্ঘ আলোচনা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মঙ্গলবার বেলা ২টায় পুনরায় আলোচনা শুরু হয়। মঙ্গলবারই মজুরি নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।

সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে বলা হয়েছিল।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp