মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার • ৮ ঘণ্টা আগে • পঠিত: ২ বার
স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শন শেষে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এর আগে সকালে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হওয়ার পর সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে।

প্রথমবারের মতো যৌথ বিশেষ বাহিনীর মহড়া

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে নিয়ে একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

ঢাকায় ফিরেই সচিবালয়ে দাপ্তরিক কাজে

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর বিশ্রামে না গিয়ে সরাসরি সচিবালয়ে যান এবং দিনের বাকি সময় দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp