কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সিলেটের ছয়টি সংসদীয় আসনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল ৪টায় নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নগরজুড়ে দলটির বড় ধরনের সাংগঠনিক শোডাউন দেখা যায়।
সমাবেশে বক্তব্য দেন তিন মন্ত্রী
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিল
সমাবেশ শেষে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। সিলেটের ছয়টি সংসদীয় আসন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।