কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ সিলেটের বিএনপিদলীয় সংসদ সদস্যরা অংশ নেন।
বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী
সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, এটি একটি মামলার রায় মাত্র। এ ধরনের আরও শত শত মামলা রয়েছে, যেগুলোতেও একই ধরনের রায় হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাঁর ফেরার অপেক্ষায় রয়েছে। তিনি ফিরে এলে কীভাবে তাঁকে গ্রহণ করা হবে, তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।
সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
সমাবেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও তাদের পাওয়া গেলে ‘মেহমানদারি’ করার কথা উল্লেখ করে তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনা দেশে ফিরতে হলে তাঁকে হ্যান্ডকাফ পরেই ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন যারা
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এমএ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।