ছোট পর্দার অভিনেতা সোহেল খান মারা গেছেন। বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে একটি হোটেলকক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিনেতার মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।
যেভাবে মৃত্যু হয় সোহেল খানের
এমডি ইকবাল জানান, মঙ্গলবার সকালে অন্য সবার মতো সোহেল খানও ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর বিশ্রামের জন্য নিজের কক্ষে যান। শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়েও তৈরি হয়েছিলেন তিনি।
একপর্যায়ে ইউনিটের একজন সদস্য তাঁকে ডাকতে হোটেলকক্ষে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমডি ইকবাল বলেন, একজন সুস্থ মানুষ এভাবে চোখের সামনে চলে যাবেন, তা মেনে নেওয়া কঠিন। সোহেল খানের মৃত্যুতে ‘নসীব’ সিনেমার পুরো টিম শোকাহত।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।