সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর

ডেস্ক রিপোর্ট • ১০ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নৌঘাঁটির কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামুদ্রিক ও উড়ন্ত ড্রোনে হামলার দাবি

বেনগাজি বন্দরের সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ।

রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে পানিতে ডুবে থাকতে দেখা গেছে। কেবল সামনের অংশ পানির ওপরে ছিল। জাহাজের ওপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে এবং জেটির আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

রাশিয়া-লিবিয়া সহযোগিতা চুক্তির আওতায় বন্দরে অবস্থান

এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে নোঙর করেছিল।

এদিকে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রোববার গভীর রাতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

তবে হামলার দায়, হতাহতের সংখ্যা এবং জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp