নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) বিতর্কিত বিশেষ ইউনিট স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর প্রায় ৫০০ সদস্যের এই ইউনিট বিলুপ্তির সিদ্ধান্ত জানান তিনি।
২০১৫ সালে গঠিত এসআরজির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ, বর্ণবৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনিটটির সদস্যদের বিরুদ্ধে ৭৫০টির বেশি অভিযোগ জমা পড়ে।
বিশেষ করে ২০২০ সালের বিক্ষোভের সময় এসআরজির ৪৬ সদস্যের বিরুদ্ধে ২৯২টি অভিযোগ করা হয়। এসব অভিযোগের অধিকাংশই কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসআরজির পরিবর্তে বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় সংলাপকেন্দ্রিক একটি নতুন ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত ইউনিটের সদস্যদের অস্ত্র বহন কিংবা কাউকে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে না। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে দক্ষ করে তোলা হবে।
এদিকে নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে অসদাচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা মামলা এবং ক্ষতিপূরণ পরিশোধের ব্যয়ও আলোচনায় রয়েছে। ২০২৫ সালে এ ধরনের মামলা নিষ্পত্তিতে পুলিশ বিভাগকে ১১৭ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হয়েছে।
বিশাল পুলিশ বাহিনী এবং ১১ বিলিয়ন ডলারের বেশি বার্ষিক বাজেট থাকা সত্ত্বেও নিউইয়র্কে অপরাধ ও বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণ নগর প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।