যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।
এর আগে একই শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি রাস্তার নামকরণে উদ্যোগী হয়েছিলেন শাহ মোজাম্মেল নান্টু। পরপর দুটি উদ্যোগকে জিয়া পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
শিকাগোতে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তাঁরা এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত শাহ মোজাম্মেল নান্টুকে অভিনন্দন জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে অভিনন্দন
এক যৌথ বিবৃতিতে অভিনন্দন জানান নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদিউল আলম।
এ ছাড়া বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন।
যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সদস্যসচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীনও বিবৃতিতে অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁদের নামে রাস্তার নামকরণের উদ্যোগ প্রবাসে তাঁদের রাজনৈতিক অবদান, ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতি তুলে ধরেছে।
তাঁরা আরও বলেন, শিকাগোতে জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার নামেও রাস্তার নামকরণ প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের বিষয়। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, নেতৃত্ব ও স্মৃতির প্রতি সম্মান জানানোর একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি হয়েছে।