বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ, টিকাদান ও খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে এ খাতকে বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশের নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপ দিতে পারলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

প্রাণিজ আমিষে পুষ্টি ও অর্থনৈতিক সম্ভাবনা
তারেক রহমান বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার ক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হওয়ার সুযোগ বেশি। তাই মেধাসমৃদ্ধ জাতি গঠনের সঙ্গে পুষ্টির নিরাপত্তা সরাসরি সম্পর্কিত। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

তিনি জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট—ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার। এ খাতের বিকাশে নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

পোলট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ
পোলট্রি শিল্পের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। খাতটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

এ ছাড়া দেশে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাঁদের উৎপাদন খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে ভূমিকা রাখছে। তাই খামারিদের কাছে পশুচিকিৎসা ও রোগ প্রতিরোধের সেবা পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

আধুনিক টিকা উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ
প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ উৎপাদন চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা বাড়বে। পাশাপাশি খামার ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন।

হালাল মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিতে সম্ভাবনা
প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানি করতেও সক্ষম হয়েছে।

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্য অর্জনে প্রাণিসম্পদ খাতকে বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও উৎপাদনমুখী করার পাশাপাশি আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সিলেট-সুনামগঞ্জের হাওরে মহিষ পালনে জমি ব্যবহারের উদ্যোগ
প্রধানমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি। এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় ব্যবস্থায় খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পশুপাখির অধিকার রক্ষার আহ্বান
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎসও। তবে প্রাণীদের প্রতিও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দিতে হবে। তাদের স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখাও জরুরি।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারে পরিচিতি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬, প্রাণিসম্পদ খাত