বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ

সুনামগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
সুনামগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তাঁদের মধ্যে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

আহত দুই শ্রমিক মোস্তাকিম (২২) ও সুমনকে (২০) জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।

যেভাবে ডুবল নৌকাটি

স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন ছিলেন বালুর ওপর।

রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে যান। বাকি চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

উদ্ধারে ডুবুরি দলের অভিযান

দুর্ঘটনার পর থেকে নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু জানান, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে ডুবুরি দল অভিযান শুরু করেছে। এখনো তাঁদের সন্ধান মেলেনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp